দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির কাপ্তাই-রাঙামাটি-আসামবস্তি সড়কে হঠাৎ হাতির পাল নেমে আসায় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বন বিভাগের চেষ্টায় রাত আটটার দিকে হাতিগুলো সড়ক থেকে সরে বনে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সড়কে চলাচলকারী যাত্রীরা কয়েকটি হাতিকে দেখতে পান। হাতিগুলো সড়কে অবস্থান নেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন চালক ও যাত্রীরা। পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে বনকর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
বন বিভাগের সদস্যরা প্রথমে আতশবাজি ফাটিয়ে হাতিগুলোকে বনে ফেরানোর চেষ্টা করেন। এতে কাজ না হওয়ায় পরে ফাঁকা গুলি ছোড়া হয় এবং গাড়ির হর্ন বাজানো হয়। একপর্যায়ে রাত আটটার দিকে হাতির পালটি সড়ক ছেড়ে বনের ভেতরে চলে যায়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, সন্ধ্যার পর কাপ্তাই-রাঙামাটি সড়কে বন্য হাতির আনাগোনা বেড়ে যেতে পারে। তাই জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল না করার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।
এমএস/